এনআইডি’র কোনো তথ্য ফাঁস হয়নি : ডিজি
এনআইডি সুরক্ষিত, এখান থেকে কোনো তথ্য ফাঁস হয়নি। এনআইডির ১৭১টি সার্ভিস পার্টনারদের কারো থেকে তথ্য ফাঁস হতে পারে।
শনিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এনআইডির নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।
তিনি বলেন, বার বার লগইনের কারনে সার্ভিস পার্টনারদের ক্যাশ সার্ভারগুলোতে তথ্য জমা থাকতে পারে, পরবর্তীতে সেখান থেকেই তথ্য ফাঁস হতে পারে।
ডিজি আরো বলেন, এনআইডি সার্ভার কোনো থ্রেটের মধ্যে নেই। ওয়েবসাইটের সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। এনআইডি একটা পৃথক সাইট। ১৭১টি প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কানেকটেড। এনআইডি সার্ভার থেকে কোটি কোটি ডাটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এনআইডি সার্ভারের সঙ্গে অন্য কোনো সার্ভারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।
ইতোমধ্যে নিরাপত্তা ইস্যু নিয়ে অডিটের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে এনআইডি পরিচালক জানান, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, হাইকোর্টের নির্দেশ হাতে পেলে সেই অনুযায়ী কাজ করব। হাইকোর্টের নির্দেশনা আমাদের দৃষ্টিগোচর হয়নি। আমরা আমাদের সাইটে অ্যাবনরমাল হিট পাইনি। আমাদের সার্ভার পাবলিক প্রপার্টি নয়, এটা নির্বাচন কমিশনের নিজস্ব সম্পদ। এখানে কেউ চাইলেই কিছু লিখতে বা নিতে পারে না।
আরেক প্রশ্নে ইসির স্কোয়াড্রন লিডার সাদ বলেন, এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কি পরিমাণ হিট আসছে। ১৭১টা পার্টনার সার্ভিস সিকিউরডভাবে কাজ করছে। গতকাল নিউজ দেখার পর কাজ শুরু করেছি। এখানে একটা সাইট দুর্বল পাওয়া গেছে। মাথাব্যথা হলে কাটব না। নাগরিক সেবা নিশ্চিত করে আমরা এটা সমাধান করব।
সংবাদ সম্মেলনে সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডির সার্ভার হ্যাক হয়নি। সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সার্ভার হ্যাক হতে পারে। এনআইডি সার্ভারে কোনো থ্রেট নেই।







